সোনারগাঁওয়ে ডাকাতদের চিনে ফেলায় যুবকের হাতের কবজি কর্তন

সোনারগাঁওয়ে ডাকাতদের চিনে ফেলায় যুবকের হাতের কবজি কর্তন

নিজস্ব প্রতিবেদক, (নারায়ণগঞ্জ) | ২৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির সময় চিনে ফেলায় আকাশ (২৫) নামে এক যুবককে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে ডাকাত দলের সদস্যরা। গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এই বর্বর হামলার ঘটনা ঘটে।

আহত আকাশ উপজেলার উটমা গ্রামের ছালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট: অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল এলাকায় একটি ডাকাত দল গাড়ির গতিরোধ করে ডাকাতি করছিল। সে সময় আকাশ ডাকাতদের চিনে ফেলেন এবং বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের সদস্যরা আকাশকে প্রাণনাশের হুমকি দেয়।

নৃশংস হামলা: গত রোববার বিকেলে আকাশ কোবাগা এলাকায় ডাকাত সবুজ মিয়ার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। সবুজের নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত চাপাতি, চাইনিজ কুড়াল ও লোহার রড নিয়ে আকাশের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। তারা আকাশকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। আকাশের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযুক্ত যারা: এ ঘটনায় আকাশের মা হেনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— উটমা এলাকার আশরাফুল ইসলাম (২২), আমির হোসেন, কোবাগা এলাকার সবুজ (২২), মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার ফাহিম (২৩) এবং পেচাইন এলাকার বাবু। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সংঘবদ্ধ ডাকাতি করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ।

পুলিশের বক্তব্য: সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button