সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর:

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে কুয়াশা ঘনত্ব কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার ঘনত্ব দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টার পর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এতে শরীয়তপুর-চাঁদপুর ফেরিঘাটের দুই পাশে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে যাত্রী ও চালকদের ভোগান্তি এড়াতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে গেলে শনিবার সকাল ৬টার পর থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ছোট-বড় মিলিয়ে ৪টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব দেখা দেয়। নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button