পল্টনে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো— মো. বিল্লাল হোসেন (৪৫) ও মো. আল আমিন (২৮)।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পল্টন মডেল থানাধীন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে একটি কার শো-রুমের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক কারবারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় ৩টি এবং আল আমিনের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button