

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় পুকুর থেকে পানি তুলতে গিয়ে পা পিছলে পড়ে মরিয়ম বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুর থেকে বালতিতে করে পানি তুলতে যান মরিয়ম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি গভীর পানিতে পড়ে যান। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মৃত মরিয়ম বেগম দাসপাড়া এলাকার সুজন সিকদারের স্ত্রী। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরিয়মের সংসারে মাহিন (১০) ও মায়ান (৩) নামের দুটি শিশু সন্তান রয়েছে। মায়ের আকস্মিক মৃত্যুতে শিশু দুটি দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়রা মরিয়মকে একজন অত্যন্ত পরিশ্রমী ও সংসারী নারী হিসেবে অভিহিত করেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, “গৃহবধূ মরিয়ম বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”




