আগামীর রাজনীতি হবে জনগণের কল্যাণে : ইশরাক হোসেন

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে শুধু জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য।

মঙ্গলবার (২৭ আগস্ট) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মাটিকে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের নিঃশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সঙ্গে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি।

তিনি বলেন, প্রাকৃতিক এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গেছে, বহু মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই বাড়িঘরে যেতে পারছেন না। একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং তাদের নেতৃত্বে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি আপনাদের পাশে আছে।

বিএনপির এই তরুণ নেতা বলেন, দেশের মানুষ যখন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বসে ভোগ-বিলাসে জীবন কাটিয়েছে। আগামী দিনে আমরা এই রাজনীতির ধারা ভাঙতে চাই, সেই স্বার্থপর রাজনীতির ধারা ভাঙতে চাই। আগামী দিনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকব।

লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মীপুর ১ আসনের রামগঞ্জের বিএনপি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাশরুক হোসেন, গেণ্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ঢাকার ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button