

নিজস্ব প্রতিবেদক: শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ‘নীরব জোন’ কঠোরভাবে বাস্তবায়নে বিশেষ অভিযান শুরু হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দিনভর পরিচালিত এই সমন্বিত অভিযানে ৯৪টি মামলা এবং মোট ১ লাখ ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএমপি, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট ও ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ এই অভিযান পরিচালনা করে।
রোববার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান:
পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, সিটি কর্পোরেশন ও ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তারা শব্দদূষণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৫৮টি মামলা এবং ২০ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ পৃথক অভিযান চালিয়ে ৩৬টি মামলা এবং ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় ঘোষিত ‘নীরব জোন’ বাস্তবায়নে এই কার্যক্রম নিয়মিত বিরতিতে চালানো হবে। বিধিমালা লঙ্ঘন করে অহেতুক হর্ন বাজানো বা উচ্চশব্দ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, জনস্বার্থে ও পরিবেশগত সুরক্ষা বিবেচনায় বিমানবন্দর এলাকাকে শব্দদূষণমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।




