শহীদ জিয়ার আদর্শের কর্মীরা দলের বাইরে ভোট দিতে পারে না: অধ্যক্ষ আনু

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, নাটোর: নাটোর-৩ (সিংড়া) আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যারা প্রকৃত অর্থে বুকে ধারণ করেন, তারা কোনো অবস্থাতেই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোথাও ভোট দিতে পারেন না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নাটোরের সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

পথসভায় অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে জাতীয়তাবাদী শক্তির প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই হবে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের প্রধান লক্ষ্য।”

পথসভায় উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নির্বাচনী এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবি জানান। একইসঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ও সজাগ দৃষ্টি আকর্ষণ করেন তারা।

পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। বিনগ্রাম বাজারের এই সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button