আজ থেকে চারদিন সরকারি ছুটি, দুদিন বন্ধ দোকান-শপিং মল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রিক টানা চার দিনের সরকারি ছুটি। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ছুটি। অন্যদিকে, হিন্দু ধর্মাবলম্বীদের ‘শিবরাত্রি’র কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই ছুটি গড়াবে টানা পাঁচ দিনে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মূল দিন এবং এর আগের দিন ১১ ফেব্রুয়ারিকে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সাথে শুক্র ও শনিবারের (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা চার দিনের ছুটির সুযোগ পেয়েছেন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা।

সাধারণ ছুটি: ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার)। সাপ্তাহিক ছুটি: ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার)। শিক্ষাপ্রতিষ্ঠান: ১৫ ফেব্রুয়ারি (রবিবার) ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষ্যে অতিরিক্ত একদিন বন্ধ।

নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আজ (বুধবার) এবং আগামীকাল (বৃহস্পতিবার) দেশের সব দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। গত ৫ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এই নির্দেশনা প্রদান করেন। তবে ১৫ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান সচল হবে।

উল্লেখ্য যে, শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ভোট দেওয়ার সুবিধার্থে গতকাল ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছিল। গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button