

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ নিজে প্রার্থী না হলেও দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে মাঠ পর্যায়ে কাজ করবেন। দলের রাজনৈতিক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা আসিফ মাহমুদের যোগদানের মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি প্রার্থীদের জিতিয়ে সংসদে পাঠানোর গুরুদায়িত্ব পালন করবেন।”
নিজে নির্বাচনে না দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে আসিফ মাহমুদ বলেন, “আমার একার সংসদে যাওয়ার চেয়ে জুলাই গণঅভ্যুত্থানের অসংখ্য সহযোদ্ধাকে যদি সংসদে পাঠাতে অবদান রাখতে পারি, তবে সেটিই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।”
তিনি আরও বলেন, শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই ট্রানজিশন পিরিয়ডে সব শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তিনি কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তার পদত্যাগ কার্যকর হয়।




