মাদারীপুরে খামারের ২০ হাজার মুরগিসহ গাছপালা পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশফেরত এক তরুণ উদ্যোক্তার স্বপ্ন ছাই হয়ে গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কালীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে একটি মুরগির খামার ও সংলগ্ন ফলের বাগান সম্পূর্ণ পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালীনগর গ্রামের বাসিন্দা তৌহিদ চোকদারের মালিকানাধীন মুরগির খামার ও ফলের বাগানে শনিবার দুপুরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে খামারের ২০ হাজার মুরগিসহ পুরো বাগানটি ভস্মীভূত হয়ে যায়।

ভুক্তভোগী উদ্যোক্তা তৌহিদ চোকদার জানান, প্রবাস থেকে ফিরে তিলে তিলে এই খামার ও বাগানটি গড়ে তুলেছিলেন তিনি। এই অগ্নিকাণ্ডে তার সব শেষ হয়ে গেছে। প্রাথমিক হিসাবে তার প্রায় ১৫ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

আগুনের সঠিক সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পাশের কোনো বনে লাগা আগুন থেকেই এই সূত্রপাত হতে পারে। কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খোকন জমাদার জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজখবর নিয়েছেন। ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তাকে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button