বগুড়ায় চুরি হওয়া ২৭০ মণ ভারতীয় চাল উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলা থেকে চুরি হওয়া ২৭০ মণের বেশি ভারতীয় চাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ও গোসাইবাড়ি ইউনিয়নে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ ও মালিকপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি হিলি সীমান্ত থেকে ‘ইন্ডিয়ান হোয়াইট গোল্ড সিল্কি সোর্টেক্স’ ব্র্যান্ডের ৪২০ বস্তা চাল (২৬ কেজি ওজনের প্রতি বস্তা) নিয়ে একটি ট্রাক বগুড়ার উদ্দেশে রওনা দেয়। ২৬ ফেব্রুয়ারি রাতে চালক হারুন মিয়াসহ ট্রাকটি নিখোঁজ হয় বলে দাবি করে আমদানিকারক প্রতিষ্ঠান ‘আজাদ গ্রুপ’। চালকের মোবাইল ফোন বন্ধ থাকায় এবং কোনো সন্ধান না পেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসান এবং ধুনট থানার উপ-পরিদর্শক ওসমান গণির নেতৃত্বে পুলিশের একটি যৌথ দল অভিযানে নামে।

চিকাশী ইউনিয়নের বড়চাপড়া গ্রামের পোশাক শ্রমিক সুরুজ মিয়ার বসতঘর থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করা হয়।

গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুড়ী গ্রামের মইনুল মণ্ডলের বসতঘর থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়।

পৃথক দুটি স্থান থেকে মোট ৪২০ বস্তা চাল উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৭০ মণেরও বেশি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ঘটনাটি সদর থানার হওয়ায় ধুনট পুলিশ কেবল অভিযানে সহযোগিতা করেছে এবং উদ্ধারকৃত চাল সদর থানা পুলিশ নিয়ে গেছে।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত চাল বর্তমানে বগুড়া পুলিশ লাইন্সে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িতরা বর্তমানে পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চালের প্রকৃত মালিককে খবর দেওয়া হয়েছে এবং আগামীকাল এই বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button