ভোগান্তি এড়াতে আগেই বাড়ির পথে, স্টেশনে যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও, শেষ মুহূর্তের ভিড় ও ভোগান্তি এড়াতে শনিবার (১৪ মার্চ) সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই গ্রামের পথে রওনা হচ্ছেন অনেকে।

স্টেশন ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী বুড়িমারী এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে আগেভাগেই স্টেশনে এসেছেন। যাত্রীদের মতে, ঈদের ঠিক আগের হুড়োহুড়ি এড়াতেই এই আগাম যাত্রা। জামালপুর এক্সপ্রেসের যাত্রী হুমায়ূন আহমেদ জানান, পরিবারের সদস্যদের নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছে দিতেই তিনি আগেভাগে ঢাকা ছাড়ছেন।

গতকাল ১৩ মার্চ থেকে বিশেষ ব্যবস্থায় শুরু হওয়া এই ঈদযাত্রার আজ দ্বিতীয় দিন। শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা রেলওয়ে স্টেশনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দুই দফায় টিকিট পরীক্ষা করে যাত্রীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিটবিহীন কাউকে কোনোভাবেই স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না, তবে বিশেষ ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।

আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে, যার মোট আসন সংখ্যা ২৮ হাজার ৯২৬টি। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, গত ৪ মার্চ অনলাইনে এসব ট্রেনের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button