মায়ের ডাকে ছাদ থেকে উঁকি, পড়ে প্রাণ গেলো একমাত্র ছেলের

জেলা প্রতিনিধি,  পঞ্চগড়: সদ্য ভূমিষ্ঠ খালাতো ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিল পাঁচ বছরের সোলায়মান। হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তিনতলায় উঠে ঘোরাঘুরি করছিল সে। অনেকক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকেন মা সালমা বেগম।

তিনি ছেলের নাম ধরে ডাক দিলে হাসপাতালের তিনতলার ছাদ থেকে নিচে উঁকি মারে শিশু সোলায়মান। তখনই পাশের একটি একতলা ভবনের ছাদে পড়ে যায় সে। মাথায় গুরুতর আঘাতে রক্তক্ষরণ হতে থাকে।

শিশুর স্বজনরা দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। তবে তাকে আর বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোলায়মান।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড ক্লিনিকে এমনই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সোলায়মান উপজেলা সদরের মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার কাঠমিস্ত্রি রহিবুল ইসলামের একমাত্র ছেলে।

শিশুটির চাচা আসাদুল ইসলাম বলেন, ‌‘ওই ক্লিনিকে রোববার (২৬ জানুয়ারি) সোলায়মানের খালা আরিফা খাতুনের একটি ছেলেসন্তান হয়। সোমবার দুপুরে সোলায়মানকে নিয়ে তার মা খালাতো ভাইকে দেখতে আসে। তিনতলার বারান্দায় সে যে কখন উঠেছিল কেউ বলতে পারেনি। তার নাম ধরে ডাক দিলে ছাদ থেকে উঁকি দিতে গিয়ে সে পড়ে যায়।’

সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button