

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দূরে রেখে অনলাইন ক্লাসের মাধ্যমে হাতে ডিজিটাল ডিভাইস তুলে দিলে তাদের মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার ঢাকা জেলা জামায়াত আয়োজিত দক্ষিণ কেরানীগঞ্জের এক সমাবেশে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “শিশুরা এমনিতেই ডিভাইসে আসক্ত। এখন যদি তাদের হাতে পড়ালেখার দোহাই দিয়ে ডিভাইস তুলে দেওয়া হয়, তবে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে। স্কুলে শিশুরা সামাজিক সঙ্গ পায় এবং শিক্ষকের তত্ত্বাবধানে থাকে, যা ঘরে বসে সম্ভব নয়।”
সমাবেশে তিনি দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়েও সরকারকে কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সংসদে সরকার বলছে দেশে কোনো সমস্যা নেই, অথচ পেট্রোল পাম্পগুলোতে মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে। ১২০ টাকার তেল কালোবাজারে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার বাস্তব অবস্থা গোপন করে লুকোচুরি খেলছে বলেও তিনি অভিযোগ করেন। জাতীয় এই সংকট নিরসনে সরকারকে সব পক্ষকে নিয়ে খোলা মনে আলোচনার আহ্বান জানান তিনি।




