ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বিশেষ বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন। নতুন সরকার গঠনের পর তাঁর এই সফরকে দুই দেশের অংশীদারত্বের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আজ সোমবার (৬ এপ্রিল) থেকে তাঁর সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

ব্রিটিশ হাইকমিশন জানায়, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটিই কোনো উচ্চপর্যায়ের ব্রিটিশ প্রতিনিধির প্রথম সফর। এই সফরে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

সফরকালে ব্যারোনেস উইন্টারটন সরকারের বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে। এ ছাড়া তিনি বাংলাদেশে কর্মরত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সফরের বিশেষ একটি অংশ হিসেবে তিনি এমন কিছু রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যারা যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’ (ডিটিসিএস) সুবিধা গ্রহণ করছে। উল্লেখ্য, এই স্কিমের আওতায় বাংলাদেশ শুল্কমুক্ত বাজার সুবিধা ও সহজ নিয়মে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশ্বের অন্যতম বড় সুবিধাভোগী দেশ।

সফর নিয়ে ব্যারোনেস উইন্টারটন বলেন, “যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের শক্তিশালী ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মাধ্যমে আমি নতুন নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজে বের করতে চাই, যা উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে।”

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই সফরকে স্বাগত জানিয়ে বলেন, “ব্যারোনেস উইন্টারটনের এই সফর আমাদের দুই দেশের অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার এবং বিনিয়োগ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button