

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুরে উৎসবমুখর পরিবেশে বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সাধারণ সভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান। আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিকেল ৪টা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে চট্টগ্রামের ঐতিহ্য ও বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
বৃহত্তর চট্টগ্রাম সমিতি–গাজীপুরের সভাপতি মোঃ মোহাম্মদ সোহেল সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা চেয়ারম্যান শহিদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নুরে ইয়াসমিন ফাতেমা, প্রবীর কুমার সাহা ও অনুপম দে।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শাহজাহান ও আহমেদ হোসেন, অর্থ সম্পাদক শাহ নেওয়াজ তানভীর, সাংগঠনিক সম্পাদক কাজী মোজাম্মেল হক, শিক্ষা ও পাঠাগার সম্পাদক নাজিম হোসেন, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, সাংস্কৃতিক সম্পাদক বৃট্রেন চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন রশিদ এবং নির্বাহী সদস্যবৃন্দসহ সমিতির সাধারণ সদস্যগণ।
বক্তারা সমিতির এই ঐক্যবদ্ধ প্রয়াসের প্রশংসা করেন এবং আগামীতেও চট্টগ্রামের মানুষের কল্যাণে ও শিক্ষা প্রসারে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




