
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৪ জুন থেকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যার ফলে চলমান তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১ জুন) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী ৩ জুন পর্যন্ত বজায় থাকবে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ১ থেকে ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ শতাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের ২৫ থেকে ৫০ শতাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার কারণে সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।




