হামলাকারী সম্ভবত বেশ অসুস্থ একজন মানুষ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ওয়াশিংটনে একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে হামলা করা ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান, বিশ্বাসী। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।”

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামীদামি ২ হাজার ৬০০ অতিথি।

ট্রাম্প আর মেলানিয়া যখন মঞ্চে, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে। পরে অতিথিদেরও।

ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন তিনি। এ ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প–মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা।

সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেপ্তার করা হয়েছে।

পেশায় তিনি একজন শিক্ষক। অ্যালেনের রেকর্ড ঘেঁটে মার্কিন সংবাদমাধ্যশ সিএনএন জানিয়েছে, তিনি ক্যালিফোর্নিয়ার সি-টু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন অ্যালেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্লাঞ্চ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, কোল অ্যালেন থমাস ট্রেনে চেপে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো এবং তারপর সেখান থেকে ওয়াশিংটনে এসেছিলেন। তারপর হামলার আগের দিন শুক্রবার হামলার ঘটনাস্থল হিলটন হোটেলে উঠেছিলেন তিনি।

হোটেলের যে কক্ষে অ্যালেন ছিলেন, সেখান থেকে একটি লিখিত বক্তব্য উদ্ধার করেছে পুলিশ। সেই বক্তব্যে অ্যালেন নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ হিসেবে উল্লেখ করে বলেছেন,

রয়টার্সকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, ইশতেহারে অ্যালেন নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের নীতিমালার দ্বারা ক্ষতিগ্রস্তদের রক্ষা করার জন্য এ পদক্ষেপ তিনি নিচ্ছেন বলেও উল্লেখ করেছেন অ্যালেন।

টোড ব্লাঞ্চ জানিয়েছেন, অ্যালেনের বিরুদ্ধে ইতোমধ্যে অবৈধ অস্ত্র রাখা, মার্কিন কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তাদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আগামী সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার) তাকে আদালতে তোলা হবে।

সূত্র : রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button