

নড়াইল প্রতিনিধি: নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নামে এক ইমামকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের বারান্দায় স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। গত ৫ জুন ভুক্তভোগী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন তিনি। শিশুটি বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে জানাজানি হয়। পরে দেখা যায়, আরও কয়েকজন শিশুর সঙ্গেও তিনি একই কাজ করেছেন।
শুক্রবার স্থানীয় জনতা বিষয়টি নিয়ে আমিনুল ইসলামের কাছে কৈফিয়ত চাইতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। এসময় উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম তার অপরাধ স্বীকার করেছেন। ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৯ মে) তাকে আদালতে সোপর্দ করা হবে।”




