

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের কল্যাণে বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত ‘প্রবাসী কার্ড’ আগামী দুই মাসের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৬ মে) সিলেটের ‘গ্র্যান্ড সিলেট’-এ আয়োজিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে আরিফুল হক চৌধুরী সিলেটের সার্বিক উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী বলেন, “প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ ও সহজ করতে সরকার বিশেষ আবাসন ও বিনিয়োগ সহায়তা প্রকল্প হাতে নিচ্ছে। আমাদের দেশে আবাদি জমি কমে যাচ্ছে। তাই ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের বদলে অ্যাপার্টমেন্টভিত্তিক বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধাসহ আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, “এই বিশেষ আবাসন প্রকল্পে শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। আর প্রবাসীদের জন্য অ্যাপার্টমেন্টভিত্তিক এই আধুনিক আবাসন প্রকল্প সিলেট থেকেই শুরু হতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতেই এ ধরনের উদ্যোগ প্রয়োজন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মাতৃভূমিকে ভুলে না যায়, সেই পরিবেশ তৈরি করতে হবে। তারা দেশে এলে বিনিয়োগও করবে, পাশাপাশি পারিবারিক বন্ধনও আরও শক্ত হবে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন ও সেবা বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, বিমানবন্দরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ নির্মাণের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া, ইমিগ্রেশন এলাকায় প্রবাসীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স ও মেডিকেল সুবিধাসহ একটি স্থায়ী মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য বিমানবন্দরে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হবে।
একইসঙ্গে বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তার মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে এনে পরিবারের কাছে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার চালু করেছে বলেও জানান মন্ত্রী।




