
মাইনুল ইসলাম রাজু, বরগুনা: ঢাকা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেল্পার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। দ্রুতগতির একটি কাঠের ফার্নিচার বোঝাই পিকআপ ভ্যানের সামনের চাকা হঠাৎ ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চুনাখালী ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লাগলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল আনুমানিক ৬টার দিকে আমতলী উপজেলার চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আজাদ মোল্লা (২৭)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আউয়ুব মোল্লার ছেলে। এছাড়া গুরুতর আহত চালক মেহেদী (২৮) একই জেলার সখিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরে কাঠের ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান বরগুনার আমতলীর দিকে আসছিল। পথে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে চলন্ত গাড়িটির সামনের বাম পাশের চাকাটি হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেল্পার দুজনেই কেবিনের ভেতরে রক্তাক্ত অবস্থায় আটকে পড়েন।
দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয় জনতা ও আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে পিকআপের বডি ও দরজা কেটে তাদের উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালক মেহেদীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
“পিকআপের হেল্পার আজাদকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আর আহত চালককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।”




