সুখে-দুঃখে পাশে থাকার প্রতিদান দিচ্ছে জনগণ: এস এম জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

দীর্ঘদিন নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকায় জনগণ এখন তার প্রতিদান দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেটে নির্বাচনী গণসংযোগের শুরুতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, “বিগত ১৭ বছর ধরে মানুষ ভোটাধিকার বঞ্চিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নির্দেশনায় সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। মানুষ বুঝেছে, আন্দোলনের মাধ্যমেই নিজের অধিকার ফিরে পাওয়া সম্ভব।”

তিনি দাবি করেন, ১৯৯১ সালের পর থেকে ঢাকা-১৮ আসনে যত বড় বড় উন্নয়ন হয়েছে, তার সবই বিএনপির হাত ধরে হয়েছে। ভবিষ্যৎ উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি আবারও ধানের শীষ প্রতীকে ভোট চান।

বিগত ১৭ বছরের নির্যাতন ও নিপীড়নের বিচার এ দেশেই হবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে নিশ্চিত করব যেন কোনো নিরপরাধ মানুষ আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়।”

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত মানবিক সমাজব্যবস্থা গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এস এম জাহাঙ্গীর আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা সুদিনে চরিত্র হারাইনি, আর দুর্দিনেও মাঠ ছেড়ে পালাইনি। এই এলাকার মানুষ আমাদের ব্যক্তিগতভাবে চেনে। সুখে-দুঃখে সবসময় আমরা তাদের কাছে ছিলাম, আর আজ তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে।”

তিনি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সহযোগিতা করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button