দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি, রাজবাড়ী।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে পড়ে মো. রেজাউল শিকদার (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার দীর্ঘ সময় পার হলেও এখনও তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ রেজাউল শিকদার গোয়ালন্দ উপজেলার বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ৩নং ফেরিঘাটের পন্টুনে ফেরিতে ওঠার সময় রেজাউল শিকদারের সঙ্গে অন্য এক যাত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে রেজাউল নদীতে লাফ দেন। তাঁর সঙ্গে অন্য ওই যাত্রীও নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা অপর যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও রেজাউল শিকদার সাঁতরে তীরে ওঠার চেষ্টা করার সময় মাঝনদীতে তলিয়ে যান।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে মানিকগঞ্জ থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রেজাউলের বড় ভাই হারুন শিকদার দাবি করেছেন, এটি স্রেফ কোনো দুর্ঘটনা নয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁর ভাইকে পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেওয়া হতে পারে বলে তিনি অভিযোগ তুলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button