

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর শিবচরের কাঁঠালবাড়ী সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করে মৎস্য বিভাগ ও পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি চক্র বড় আকৃতির এই কচ্ছপটি নিয়ে আসে। পরবর্তীতে চক্রটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কচ্ছপটিকে রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার এবং শিবচর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন।
মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান: “উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে আমরা ধারণা করছি। উদ্ধারের পরপরই আমরা সেটিকে নিরাপদ পরিবেশে পদ্মা নদীতে অবমুক্ত করেছি।”
তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি




