

জেলা প্রতিনিধি, বরিশাল
স্ত্রীর দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)।
সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার কদমতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহিত শফিকুল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেছিলেন।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান চোকদার জানান, ২০২১ সালের একটি পারিবারিক মামলায় সকালে শফিকুলকে আদালতে হাজির করা হয়। আদালত জামিন মঞ্জুর করলে তিনি খুশিমনে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই কাল হয়ে দাঁড়ায় ঘাতক পিকআপ ভ্যান।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন: শফিকুল ইসলাম (৪১): সৌদি প্রবাসী। রিজিয়া পারভিন (৫৪): শফিকুলের প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী।
দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল মালেক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




