

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয়ভাবে হবে, তা শেষ পর্যন্ত জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কমিশনের এই অবস্থানের কথা জানান।
বর্তমান অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করতে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করেছে। এ বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “জাতীয় সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় হবে নাকি নির্দলীয়। সংসদ যে আইন পাস করবে, কমিশন সে অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে।”
সিটি করপোরেশন নির্বাচনের সময়সীমা নিয়ে নির্বাচন কমিশনার জানান আইন অনুযায়ী পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। তবে পর্ষদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে পরবর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকে।
তিনি আরও যোগ করেন, “সরকার এখন যেভাবে ব্যবস্থা নিতে বলছে, কমিশন সেভাবেই ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের মূল কাজ হলো নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা।”
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক দলগুলো সংসদে তাদের প্রাপ্ত সাধারণ আসনের আনুপাতিক হারেই সংরক্ষিত নারী আসন লাভ করবে।




