রাজবাড়ীতে প্রথম ধাপে ফ্যামিলি কার্ডের টাকা পাচ্ছে ১২০১ পরিবার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ২০১টি পরিবার ‘ফ্যামিলি কার্ড’-এর টাকা পেতে যাচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জেলা প্রশাসক জানান, সারাদেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হয়েছে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের বাসিন্দারা প্রথম পর্যায়ে এই সুবিধা পাবেন।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক জানান প্রাথমিকভাবে চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৪০৪ জনের তথ্য চূড়ান্ত করা হয়েছে। আসন্ন ঈদের আগে ১ হাজার ৪০৪ জনের মধ্যে ১,২০১ জন তাদের টাকা পাবেন। কারিগরি জটিলতার কারণে আটকে থাকা বাকি ২০৩ জনও দ্রুতই টাকা পাবেন বলে আশা করা হচ্ছে।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ বলেন, “বিএনপির নির্বাচনী ইশতেহার ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী এই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের ৪৯২টি উপজেলার মধ্যে পাংশাকে এই পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button