নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তালাকপ্রাপ্ত নারীকে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার রাতে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য ওই নারীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন সন্তানের জননী ওই নারী বর্তমানে একাকী জীবনযাপন করছিলেন। সম্প্রতি তিনি পরিচিত এক ব্যক্তির কাছে নিজের জন্য পুনরায় পাত্র দেখার অনুরোধ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি বিয়ের কথা বলে মোবাইল ফোনে তাকে ডেকে নেন। এরপর তাকে উপজেলার নলচিরা ইউনিয়নের একটি নির্জন তরমুজ খেতের পাহারার টং ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা আরও দুজনসহ মোট তিনজন মিলে তাকে রাতভর আটকে রেখে ধর্ষণ করে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনকে শনাক্ত করার কাজ চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button