ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসন এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১ এপ্রিল) এই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক্সিওস জানায়, ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে ইরানের সঙ্গে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’র অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি নয় বরং পাকিস্তানের মাধ্যমে তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। মার্কিন প্রস্তাবের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা মার্কিন প্রস্তাবগুলোকে ‘অবাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করেছে এবং জানিয়েছে যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কেবল সংক্ষিপ্ত বার্তা আদান-প্রদান হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ইরানের দাবি অনুযায়ী, ওই হামলায় তাদের ১ হাজার ৩০০-এর বেশি নাগরিক নিহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও মিসাইল দিয়ে ইসরায়েল, জর্ডান এবং আরব উপসাগরীয় দেশগুলোতে থাকা সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালায়, যাতে ১৩ মার্কিন সেনা নিহত হন। এই সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button