কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর অপপ্রচার, স্ত্রীর ছবি ব্যবহারের অভিযোগ যুবদল নেতার

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল খালেক অভিযোগ করেছেন, আসন্ন ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা দেওয়ার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

শনিবার (১ মে) এক বিবৃতিতে তিনি জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে এলাকায় তার যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, তা নষ্ট করতেই এই অপপ্রচার। প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই কিছু ব্যক্তি ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ও নেতিবাচক মন্তব্য ছড়াতে শুরু করেছে।

মোঃ আব্দুল খালেক জোরালোভাবে দাবি করেন, তিনি কখনোই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত সরকারের আমলে তাকে একটি মিথ্যা মাদক মামলায় জড়ানো হয়েছিল। তার অভিযোগ, তৎকালীন এক এমপির আত্মীয় মতিউর রহমান মতি তাকে হয়রানি করার উদ্দেশ্যে ওই মামলাটি দায়ের করেছিলেন। বর্তমানে সেই পুরনো মামলার ছবি ব্যবহার করেই ফেসবুকে নতুন করে তাকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে।

সবচেয়ে ন্যক্কারজনক বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন যে, অপপ্রচারের অংশ হিসেবে তার স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে তাকেও “মাদক কারবারি” হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আব্দুল খালেক একে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও নিন্দনীয় বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে না পেরে এখন তারা আমার পরিবারকে টার্গেট করেছে, যা অত্যন্ত জঘন্য মানসিকতার পরিচয়।”

রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একইসাথে তিনি এলাকাবাসীকে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button