করতোয়ায় নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি মহন্তপাড়া গ্রামের করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে করতোয়া নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ওই নারীর হাত ও পা আলাদা দুটি ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যার পর হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

দেবীডুবা ইউনিয়নের সদস্য সুজন আলী বলেন, স্থানীয়রা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ ভাসতে দেখে আমাকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, করতোয়া নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় তার হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল। সম্ভবত দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button