

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল বিক্রির সময় দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়েছে। জব্দ করা দুটি ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ডিজেল ছিল।


বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ‘ও টি কুরবান আলী শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কার থেকে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল (ডিজেল) এবং ‘ও টি সি স্টার’ নামের আরেকটি ট্যাঙ্কারে বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় প্রায় ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এ ঘটনায় অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জন চোরাকারবারিকেও আটক করা হয়েছে। জব্দ করা ডিজেল, অয়েল ট্যাঙ্কার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, অবৈধ তেল মজুত ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।