গুরুদাসপুরে নবনির্বাচিত এমপি আব্দুল আজিজকে বর্ণাঢ্য সংবর্ধনা: ‘মাদকমুক্ত এলাকা ও কৃষি উন্নয়নে’ অঙ্গীকার

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি (নাটোর): নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় আগমনে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এলাকায় পৌঁছালে হাজার হাজার নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফুলের মালা ও তোড়া নিয়ে প্রিয় নেতাকে বরণ করতে অপেক্ষা করেন। বেলা ১১টায় কাছিকাটা আত্রাই টোল প্লাজায় জনসমুদ্রে রূপ নেয়। সেখানে তাকে শুভেচ্ছা জানান নাটোর জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ দুলাল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলীসহ গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তারা চাঁচকৈর বাজারসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং নয়াবাজার ধারাবারিষা বিএনপি কার্যালয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমপি আব্দুল আজিজ তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন: এলাকায় কোনো মাদক থাকবে না। মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে অভিভাবকদের নিয়ে নিয়মিত মতবিনিময় করা হবে। সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বর থেকে বনপাড়া পর্যন্ত সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হবে। গুরুদাসপুর-বড়াইগ্রাম কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানে উন্নত বীজ এবং কৃষি পণ্য সংরক্ষণের জন্য ‘কোল্ড স্টোরেজ’ বা হিমাগার স্থাপন করা হবে। এছাড়া মৎস্য সম্পদ সংরক্ষণের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

দুপুরে গুরুদাসপুর কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, “আমার দলের নেতা-কর্মীরা যে সুরক্ষায় থাকবে, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরাও সেই একই সুরক্ষার চাদরে ঢাকা থাকবে। সকল ধর্মের ও দলের মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যায়কারী যে দলের বা ধর্মেরই হোক না কেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি নিজেকে জনগণের ‘এমপি’ নয় বরং ‘সেবক’ হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button