ইরানের ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০টির অধিক ড্রোন আটকেছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক 

ইরান থেকে ধেয়ে আসা কয়েকশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে কুয়েত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনের টানা উত্তেজনায় ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও অধিক বিস্ফোরকবাহী ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী।

গতকাল সোমবার রাতে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি (KUNA) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত তাদের আকাশসীমায় সুরক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে। তবে বিপুল সংখ্যক হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়। এতে কুয়েত সেনাবাহিনীর অন্তত ২৭ জন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

কুয়েতে বর্তমানে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি (ক্যাম্প আরিফজান, আলী আল সালেম এয়ারবেইস এবং ক্যাম্প বুহেরিং) রয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যে গতকাল সোমবার তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল (F-15E Strike Eagle) যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, এটি কোনো শত্রুভাবাপন্ন হামলা ছিল না। কুয়েতের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে ভুলবশত ছোড়া গোলার আঘাতে বিমানগুলো বিধ্বস্ত হয়। তবে বিমানে থাকা ছয়জন ক্রু-ই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button