

মোঃ পাপেল মিয়া, প্রিতিনিধি: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং টঙ্গীর স্বনামধন্য আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ নাজিম উদ্দীন আহমেদ-এর ৮৪তম জন্মদিন সোমবার ৮ ডিসেম্বর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং জন্মদিনের মূল ব্যক্তিত্ব— বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ নাজিম উদ্দীন আহমেদ। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মহিমান্বিত করে তোলে।
আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক হোসেন সহ আরও বহু বীর মুক্তিযোদ্ধা। এছাড়াও বিশিষ্ট প্রবীণ সাংবাদিক মোঃ মহিউদ্দিন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইব্রাহীম খলীল, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাখী সরকার সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ এই আয়োজনে শামিল হন।
অনুষ্ঠানে আগত অতিথিরা ডাঃ নাজিম উদ্দীন আহমেদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজমিন আহমেদ শায়লা, মহিউদ্দিন সেলিম, সরকার জাকারিয়া ইমন সহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে ডাঃ নাজিম উদ্দীন আহমেদের বর্ণাঢ্য কর্মজীবন, বিশেষ করে জনস্বাস্থ্য খাতে তাঁর অবদান এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা ও বিভিন্ন দিক নিয়ে গভীর কৃতজ্ঞতার সঙ্গে আলোকপাত করেন।আলোচনা পর্ব শেষে উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিল জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলে একযোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ মোঃ নাজিম উদ্দীন আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে এই অসাধারণ মানুষটির প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।




