পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোরে একটি পুরোনো আবাসিক ভবনের ছাদ ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে শহরের হারবান্সপুরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ আলী ইজাজ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ডিসি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার তৎপরতা তদারকি করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রেসকিউ ১১২২’-এর সদস্যরা জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে সবোর্চ্চ চেষ্টা চলছে। উদ্ধার অভিযান দ্রুত সম্পন্ন করতে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা বাকিদের নিরাপদে বের করে আনতে ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে। এছাড়া কী কারণে এই ছাদ ধসের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র এক মাস আগে লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেসময় তদন্তে জানা গিয়েছিল, জরাজীর্ণ ওই ভবনের ছাদের ওপর অতিরিক্ত মাটি ফেলার কারণে সৃষ্ট অতিরিক্ত চাপের ফলেই ছাদটি ধসে পড়েছিল। এছাড়া চলতি বছরের মে মাসের শুরুতে ডেরা গাজী খান জেলার একটি বেসরকারি স্কুলের শ্রেণিকক্ষের ছাদ ধসে চার শিশু নিহত ও অন্তত ২০ জন আহত হন। ওই ঘটনায় ভবন সম্প্রসারণের সময় ছাদের ওপর অতিরিক্ত ইট ও বালু জমিয়ে রাখার কারণে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ছাদ ধসে পড়ার বিষয়টি তদন্তে উঠে আসে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!