‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন করা হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ এবং ‘যৌতুক নিরোধ আইনের’ সম্ভাব্য অপব্যবহারের কারণে পুরুষদের হয়রানির ঝুঁকি কমাতে এই আইন প্রণয়ন অত্যন্ত জরুরি বলে মনে করেন আবেদনকারী।
এতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান আইনের অপব্যবহারের মাধ্যমে পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনি কর্তৃত্ববহির্ভূত এবং অকার্যকর ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে পুরুষদের সুরক্ষায় অবিলম্বে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে সংশ্লিষ্টদের কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুলের আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!