যুক্তরাজ্যের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড (ইউডব্লিউএস)-এর লন্ডন ক্যাম্পাসে আয়োজিত ‘শিক্ষার্থী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন পুরস্কার-২০২৬’ অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। স্বেচ্ছাসেবা, নেতৃত্ব, পরামর্শদান এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁরা এ পুরস্কার লাভ করেন।
পুরস্কারপ্রাপ্ত দুই বাংলাদেশি শিক্ষার্থী হলেন— আব্দুর রহিম ও জাহিদুল ইসলাম। এর মধ্যে আব্দুর রহিম ‘নেতৃত্বভিত্তিক স্বেচ্ছাসেবী স্বীকৃতি পুরস্কার’ এবং জাহিদুল ইসলাম ‘সাধারণ স্বেচ্ছাসেবী স্বীকৃতি পুরস্কার’ অর্জন করেছেন।
গত বুধবার (১০ জুন) লন্ডন ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্য দেশের শিক্ষার্থীদের মধ্যে নেপালের মুক্তি ঘালে, পাকিস্তানের কাসিম সাঈদ ও আসাদ ইমতিয়াজ স্বেচ্ছাসেবী স্বীকৃতি পুরস্কার লাভ করেন। অপরদিকে নিয়োগদাতা-পরামর্শক কর্মসূচিতে সাফল্যের জন্য রাশিয়ার রাশিদ নুরালিয়েভ এবং ভারতের রাহুল কুমার রাজকারান সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যারিয়ার ও কর্মসংস্থান ব্যবস্থাপক ড. স্টিফেন ওয়াট। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক র্যাচেল ক্র্যাগ।
পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করে আব্দুর রহিম বলেন:
"অর্থ উপার্জনের প্রয়োজন সবারই থাকে। কিন্তু আমি বিশ্বাস করি সমাজ ও মানুষের জন্য কিছু সময় ব্যয় করাও সমান গুরুত্বপূর্ণ। আমি সচেতনভাবেই স্বেচ্ছাসেবাকে বেছে নিয়েছি। আজকের এই সম্মাননা প্রমাণ করে যে মানুষের জন্য করা ভালো কাজ কখনো হারিয়ে যায় না। স্বেচ্ছাসেবা আমার কাছে কোনো শখ নয়; এটি আমার ব্যক্তিত্ব ও জীবনদর্শনের অংশ।"
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য জাহিদুল ইসলামও সম্মানিত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দুই বাংলাদেশির সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু লেখাপড়াতেই নয়, বরং স্থানীয় সমাজের সার্বিক উন্নয়নেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সংশ্লিষ্টরা বলছেন, আব্দুর রহিম ও জাহিদুল ইসলামের এই আন্তর্জাতিক অর্জন যুক্তরাজ্যে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গর্বের এক নতুন মাইলফলক। অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!