কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা এবং রাজধানীর গুলশানে সংঘটিত মিছিলের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটি মাঝেমধ্যে দৃশ্যমান অপতৎপরতার অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে ঝটিকা মিছিল করে এবং তা ভিডিও ধারণ করে প্রচার করে। তিনি জানান, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে কেএফসি-সংলগ্ন গলিতে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক জড়ো হয়ে মিছিল বের করে।

গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও জুমার নামাজ পড়তে আসার ছুতোয় ওই সময়ে এমন ঘটনা ঘটতে পারে তা পুলিশ তাৎক্ষণিকভাবে অনুমান করতে পারেনি বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে গুলশানের এই ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার পরপরই পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।