ফেনীর পরশুরামে রাতের আঁধারে কহুয়া নদীর বেড়িবাঁধের চর কেটে মাটি ইটভাটায় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় লিখিত অভিযোগ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের কাপ্তান বাজার ব্রিজের পূর্ব পাশে কহুয়া নদীর বেড়িবাঁধের চর থেকে মাটি কেটে স্থানীয় ‘খন্ডল ব্রিকফিল্ডে’ নিয়ে যাওয়া হচ্ছিল। রাতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জড়িতরা পালিয়ে যায়। পরদিন রোববার সকালে উপজেলা ভূমি অফিস ও পাউবোর প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে চর কেটে মাটি নেওয়ার সত্যতা নিশ্চিত করে।

পাউবোর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ জানান, মাটি পরিবহনের কারণে বেড়িবাঁধের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই দুর্বল বাঁধের কারণে আশপাশের এলাকা বড় ধরনের বন্যা ঝুঁকিতে পড়তে পারে।

খন্ডল ব্রিকফিল্ডের ব্যবস্থাপক মো. ইব্রাহিম ১০-১২ গাড়ি মাটি আনার কথা স্বীকার করলেও কারা মাটি বিক্রি করেছে সে বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পাউবোর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম ও পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, এ ঘটনায় পাউবোর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেছেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।