সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় একটি মালিকবিহীন কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির মোট পরিমাণ ২ হাজার ৬৮৪ পিস।
সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীন শান্তিগঞ্জ এলাকার টেক্সটাইল ইনস্টিটিউটের পাশে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানা। এ সময় ১০ সদস্যের একটি বিজিবি দল অভিযানে অংশ নেয়।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য প্রবেশ রোধে এই অভিযান চালানো হয়। কাভার্ড ভ্যানটি মালিকবিহীন অবস্থায় পাওয়া গেলেও এর ভেতর থেকে বিভিন্ন প্রকার উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাই পথে আসা অবৈধ পণ্যের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধ করতে বিজিবির এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত ভারতীয় শাড়িগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!