ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় সমতল ভূমিতে গড়ে ওঠা চা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে তিনি বালিয়াডাঙ্গীর নিটলডোবা গ্রামের ‘সুলতান টি স্টেট’ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত চা বাগানের সবুজ পরিবেশ এবং সমতল ভূমিতে চা চাষের চিত্র দেখে মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় তিনি বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, চা শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেই বাগানে গিয়ে নিজ হাতে চা-পাতাও তোলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের সমতল ভূমিতে সফল চা চাষ দেখে আনন্দ প্রকাশ করেন। এ দেশের মানুষের কর্মনিষ্ঠা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে তিনি জানান, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব ও কাজ করার আগ্রহ অব্যাহত রয়েছে।
স্থানীয় চা উদ্যোক্তারা জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীসহ উত্তরাঞ্চলে সমতল ভূমিতে চা চাষ দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই চা শিল্পকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসছে। মার্কিন রাষ্ট্রদূতের এই হঠাৎ চা বাগান পরিদর্শনকে ঘিরে স্থানীয় চা শ্রমিক, উদ্যোক্তা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!