হাতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ও প্যাকেট নিয়ে ছুটির দিনে চট্টগ্রাম চিড়িয়াখানায় ভিড় জমিয়েছে শিক্ষার্থীরা। পরিবেশ দূষণ রোধ ও তরুণ প্রজন্মকে প্রকৃতির কাছাকাছি নিয়ে আসতে জেলা প্রশাসনের এক অনন্য উদ্যোগে ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই বিনা মূল্যে চিড়িয়াখানা ঘুরে দেখার সুযোগ পাচ্ছে তারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাসা ও আশপাশ থেকে সংগৃহীত প্লাস্টিকের বোতল ও প্যাকেট নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। নির্ধারিত বুথে ১০০ গ্রাম প্লাস্টিক জমা দিয়ে বিনামূল্যে প্রবেশ করছে তারা। অনেকের সঙ্গেই এসেছিলেন তাদের অভিভাবকরা।
গত বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানায় এই অভিনব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্যোগটির আওতায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারছে। উদ্বোধনী দিনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে একটি করে গাছের চারাও উপহার দেওয়া হয়।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক জানান, বর্তমান প্রজন্মের মোবাইল ফোন ও ভার্চুয়াল জগতের অতিরিক্ত আসক্তি কমিয়ে তাদের প্রকৃতির কাছে ফিরিয়ে আনা এবং ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত এই প্লাস্টিক বর্জ্যগুলো রিসাইকেল বা পুনর্ব্যবহার করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
জেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও শিক্ষণীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আরিফ ইসলাম জানায়, এই কর্মসূচির ফলে এখন থেকে সে যত্রতত্র প্লাস্টিক ফেলা থেকে বিরত থাকবে এবং অন্যদেরও সচেতন করবে। দুই সন্তানকে নিয়ে ঘুরতে আসা অভিভাবক মো. রাসেল ও ইকবাল হোসেনও পরিবেশ সচেতনতার পাশাপাশি শিশুদের বিনোদনের এই মেলবন্ধনকে দারুণ এক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!