সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বনায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নম্বর হাজীনগর ইউনিয়নের হাসুরা মৌজায় বৃহৎ বনায়ন কর্মসূচির চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহৎ এই বনায়ন কর্মসূচির আওতায় ওই এলাকার খাড়ির উভয় পাড়ে ২০ কিলোমিটার দীর্ঘ স্ট্রিপ বাগানে ১৫ প্রজাতির প্রায় ২০ হাজার চারা রোপণ করা হয়েছে। ক্রসড্রাম থেকে বেলট্রি মৌজার রাজ্জাক চেয়ারম্যানের জমি এবং ভায়া হাসুরা মৌজার শিবেরশ্বরের জমি থেকে পলাশের জমি পর্যন্ত এই বনায়ন বাস্তবায়ন করা হয়।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বনায়ন কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি। খাড়ি, সড়ক ও উন্মুক্ত স্থানের পাশে বৃক্ষরোপণ পরিবেশের উন্নয়নের পাশাপাশি মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্যের আবাসস্থল রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন তিনি। একই সঙ্গে রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!