চট্টগ্রামে হক ইলেকট্রনিকসের সহযোগী প্রতিষ্ঠান ফারহানা ইলেকট্রনিকসের ১১ লাখ ৮৩ হাজার ৩৩২ টাকা আত্মসাতের অভিযোগে মো. আসিফ রানা (২৭) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসিফ রানা পাহাড়তলী এলাকার বাসিন্দা এবং ফারহানা ইলেকট্রনিকসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ২৯ আগস্ট হক ইলেকট্রনিকসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. কামরুল ইসলাম বাদী হয়ে পাহাড়তলী থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ জুন ফারহানা ইলেকট্রনিকসে যোগ দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির নগদ ও কিস্তিতে বিক্রি করা বিভিন্ন পণ্যের টাকা সংগ্রহ করতেন আসিফ। গত বছরের ২৪ মার্চ থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত বিভিন্ন গ্রাহকের কাছ থেকে কিস্তির মাধ্যমে নেওয়া ১১ লাখ ৮৩ হাজার ৩৩২ টাকা কোম্পানির হিসাবে জমা না দিয়ে তিনি আত্মসাৎ করেন। এজাহারে বেশ কয়েকজন গ্রাহকের কাছ থেকে টাকা নেওয়ার সুনির্দিষ্ট বিবরণও উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, কোম্পানির অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।