রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপা পাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশ এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। নির্ধারিত এই সময়ে এসব এলাকার সকল আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
এছাড়াও উল্লেখিত এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস পাইপলাইনের জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধার কারণে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!