সংশোধিত আইন অনুযায়ী আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষভাবে সাধারণ প্রতীকে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো অবাধ ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করা। নির্বাচন উপলক্ষে বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দলীয় প্রতীক না থাকলেও বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং সমঝোতা না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কর্মসূচি বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এ ছাড়া বগুড়ার ইপিজেড, বিমানবন্দর ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে তিনি শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মোকামতলা এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!