সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে কীটনাশক খাইয়ে নিজে বিষপান করেছেন সরফত আলী (৩৫) নামে এক ব্যক্তি। এতে তিন শিশুরই নির্মম মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০) এবং দুই ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম মাত্র তিন দিন আগে সৌদিয়া আরবে প্রবাসে যান। শুক্রবার রাতে সন্তানদের নিয়ে নিজের ঘরে ঘুমাতে যান সরফত। রাত আনুমানিক ১টার দিকে তিনি সন্তানদের কীটনাশক খাইয়ে নিজেও বিষপান করেন।
ঘটনার পরপরই সরফত আলী ময়মনসিংহে থাকা তার ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং কোনো দাবি না রাখতে বলেন। বিষয়টি জানতে পেরে ফুফু সরফতের ছোট ভাই রহমত আলীকে খবর দেন। পরবর্তীতে রহমত আলীসহ স্বজনরা ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার নেপথ্য কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!