প্রথম সংসারের তিক্ততা ও নানা টানাপোড়েন পেরিয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা ব্যাংক কর্মকর্তা তানজিম তৈয়বের সঙ্গে দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেখতে দেখতে নতুন সেই পথচলার এক বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিয়ের প্রথম বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের অতীত যন্ত্রণা, মানসিক লড়াই এবং বর্তমান সুখের অনুভূতি প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে ঘরে কেক কেটে বিশেষ মুহূর্তটি উদযাপন করেন এই দম্পতি। পরবর্তীতে উদযাপনের ছবি ফেসবুকে শেয়ার করে জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করেন ফারিয়া। অতীতের ভুল সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি লেখেন, "প্রত্যেকটা মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আমার কিছু ভুল শুধু ভুল বললে হবে না; লিটরালি নিজের সাথে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি, পচা শামুকে পা কেটে এমন দাগ ফেলেছি যে প্লাস্টিক সার্জারি করেও সে দাগ তোলা যাবে না।"
মানসিক কষ্ট কাটিয়ে উঠতে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা জানিয়ে তিনি আরও লেখেন, "সহ্য না করতে পারলে সোশ্যাল মিডিয়ায় এসে কখনো কখনো রাগ ঝেড়েছি, নিজের এবং অন্যের উপর জমা এই জেদ সরাতে কাউন্সেলিং, থেরাপি কিছুই বাদ দেইনি। জীবন থেকে বেশকিছু বছর চলে গেছে ভেতরে সেই জমা আর্তনাদ থেকে পালাতে।"
তবে এই দ্বিতীয় বিয়েকে নিজের জীবনের সেরা সৌভাগ্য ও সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখছেন ফারিয়া। স্বামীর পরিবার সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, শ্বশুর-শাশুড়ির সাথে সব কিছু শেয়ার করতে পারা এবং সুন্দর একটি পরিবারের অংশ হতে পেরে তিনি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুখী।
পোস্টের শেষে স্বামীর জন্য একটি মজাদার বার্তাও যোগ করেন ফারিয়া। তানজিমকে ট্যাগ করে হাসির ছলে লেখেন, "হ্যাপি অ্যানিভার্সারি তানজিম। সামনের বছরের তোমার প্রতিপাদ্য বিষয়— ‘রুম থেকে বের হলে লাইট/ফ্যান/এসি অফ করতে হয়’ আর ‘ফ্রিজ থেকে পানি বের করলে ফ্রিজের দরজা বন্ধ করতে হয়’।"
উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্বামী হারুনুর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ পাঁচ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বকে বিয়ে করেন শবনম ফারিয়া। জীবনের সব তিক্ততা পেছনে ফেলে নতুন পরিবার ও স্বামীকে নিয়ে এখন আনন্দের সাথে দিন কাটাচ্ছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!