ঢাকা মহানগর উত্তর তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডে অসুস্থ ও অসহায় তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তরুণ সমাজসেবক আব্দুল আলী।
সম্প্রতি নিউজ টোয়েন্টিফোরে ৫৩ নম্বর ওয়ার্ডের তিনটি অসহায় ও অসুস্থ পরিবারের দুরবস্থা নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে তাদের আর্থিক সংকট, অসুস্থতা এবং চিকিৎসার নানা সমস্যার চিত্র উঠে আসে। প্রতিবেদনটি নজরে আসার পর আব্দুল আলী সরাসরি ওই পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
তিনি ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করে অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নগদ অর্থসহায়তা প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন এবং আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা প্রায় বন্ধের পথে ছিল। আব্দুল আলী তার বাড়িতে গিয়ে পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি অসুস্থ কিশোরী রিয়া ও অন্য একটি অসহায় পরিবারের খোঁজ নিয়ে তাদের হাতেও নগদ অর্থসহায়তা তুলে দেন।
সহায়তা প্রদানকালে আব্দুল আলী বলেন, রাজনীতি তিনি নেতা হওয়ার জন্য নয়, মানুষের সেবা করার জন্য করেন। কাউন্সিলর নির্বাচিত হন বা না হন, যতদিন বেঁচে থাকবেন ততদিন ৫৩ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি সমাজ ও এলাকার সামর্থ্যবান ব্যক্তিদেরও এসব অসহায় পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মোস্তফা জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আব্দুল আলীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করলেও পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এককালীন সহায়তার পাশাপাশি অসুস্থ সদস্যদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সংসার চালানোর জন্য টেকসই এবং নিয়মিত সহযোগিতা প্রয়োজন। এ জন্য এলাকার বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!